পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ফার্মাসিস্ট, স্টাফ নার্সসহ ৬৭টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এই নিয়োগ হচ্ছে। অনলাইনে আবেদন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নিবন্ধন ও ফি জমা দিতে হবে ২৫ নভেম্বরের মধ্যে।

ছবি: কলকাতায় বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের ভবন (প্রতীকী ছবি)।

বিজ্ঞাপন

মোট ৬৭টি পদের মধ্যে ফার্মাসিস্ট ১৭টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (শহর) ১২টি, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ১২টি, মেডিকেল অফিসার (আয়ুষ) ১২টি, স্টাফ নার্স ৬টি, ব্লক ডেটা ম্যানেজার ৪টি, পাবলিক হেলথ ম্যানেজার ২টি, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার ১টি ও সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার ১টি।

ফার্মাসিস্ট পদের জন্য ফার্মেসিতে দুই বছরের ডিপ্লোমা (ডি-ফার্মা) লাগবে, যা ফার্মেসি কাউন্সিল বা এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নেওয়া হতে হবে। পশ্চিমবঙ্গ ফার্মেসি কাউন্সিলে নিবন্ধন থাকতে হবে। বি-ফার্মা ও এম-ফার্মা ডিগ্রিধারীরা অতিরিক্ত নম্বর পাবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর বাংলা পড়তে, লিখতে ও বলতে পারতে হবে।

স্টাফ নার্স পদের জন্য ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নিবন্ধন থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাঁরা পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা।

মেডিকেল অফিসার (আয়ুষ) পদের জন্য বিএইচএমএস, বিএএমএস বা বিইউএমএস ডিগ্রি ও সংশ্লিষ্ট মেডিকেল কাউন্সিলে নিবন্ধন লাগবে। বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ থাকতে হবে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি ও হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ব্লক ডেটা ম্যানেজার পদের জন্য যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা লাগবে, সঙ্গে ডেটা রেকর্ডের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী ধরা হবে। ফার্মাসিস্ট পদের বয়স ১৮ থেকে ৪০ বছর। মেডিকেল অফিসার (আয়ুষ) পদের বয়স ৪০ বছরের বেশি নয়। স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের সর্বোচ্চ বয়স ৪০ বছর। পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এসটিএলএস ও এসটিএস পদের বয়স ২১ থেকে ৪০ বছর। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি ও প্রতিবন্ধী প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা, আর সংরক্ষিত শ্রেণির (তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, প্রতিবন্ধী) প্রার্থীদের জন্য ৫০ টাকা। ফি শুধু অনলাইনে দেওয়া যাবে।

বেতন পদভেদে আলাদা। পাবলিক হেলথ ম্যানেজার পাবেন মাসে ৩৫ হাজার টাকা, মেডিকেল অফিসার (আয়ুষ) ৩২ হাজার টাকা, স্টাফ নার্স, এসটিএলএস ও এসটিএস ২৫ হাজার টাকা, ফার্মাসিস্ট ও ব্লক ডেটা ম্যানেজার ২২ হাজার টাকা, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ১৮ হাজার টাকা ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ১৩ হাজার টাকা। নিয়োগ প্রথমে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত চুক্তিভিত্তিক, পরে কাজের মূল্যায়ন ও সরকারের অনুমোদনের ভিত্তিতে নবায়ন করা যাবে।

বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি বা কম্পিউটার পরীক্ষা, কাজের অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের ভিত্তিতে। স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে শুধু শিক্ষাগত নম্বরের ভিত্তিতে বাছাই হবে। ফার্মাসিস্ট পদে দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণি, ডি-ফার্মা, বি-ফার্মা ও এম-ফার্মার নম্বর মিলিয়ে মোট ১০০ নম্বর ধরা হবে।

নিয়োগ পাওয়া প্রার্থীরা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কাজ করবেন। নথি যাচাইয়ের সময় মূল সনদপত্র দেখাতে হবে। পরীক্ষা বা নথি যাচাইয়ের তারিখ পরে জানানো হবে। আবেদন করার আগে নিজের যোগ্যতা বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি।

আবেদন করতে প্রথমে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অনলাইন নিয়োগ পোর্টালে যেতে হবে। সেখানে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির বিজ্ঞপ্তিটি (মেমো নম্বর সিএমওএইচ/পিবিএমডি/ডিপিএমইউ/৬৬৮৭) বেছে নিতে হবে। তারপর অনলাইন আবেদনে গিয়ে প্রাথমিক নিবন্ধন করে আবেদন নম্বর নিতে হবে।

এরপর ২৫ নভেম্বরের মধ্যে অনলাইনে ফি জমা দিতে হবে। তারপর লগইন করে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত কাউন্সিলের নিবন্ধন নম্বর, ঠিকানা ও অভিজ্ঞতার তথ্য পূরণ করতে হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। সব তথ্য ভালো করে যাচাই করে ২৬ নভেম্বর মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। আবেদনের প্রিন্ট কপি ডাউনলোড করে রাখতে হবে, কারণ নথি যাচাইয়ের সময় মূল সনদপত্র ও আবেদনের প্রিন্ট কপি দেখাতে হবে। ডাকযোগে কোনো কাগজ পাঠাতে হবে না।

আবেদনের আগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকে পুরো বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর, ১৮ নভেম্বর ২০২৬